গোপালগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ নির্বাচনের প্রচারের শেষ দিনে বিশাল গণমিছিলের মাধ্যমে শোডাউন করেছেন গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে তার সমর্থনে উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সেলিমুজ্জামান সেলিম বলেন, একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর অপেক্ষা করেছেন। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছে। এ নির্বাচনে একটি দল অবৈধ প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, কাশিয়ানী ,মুকসুদপুর উপজেলার মানুষ এবারের নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। স্বাধীনতার পক্ষের শক্তি ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
মিছিলটি ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে শুরু হয়ে কালনা, চরভাটপাড়া, ঘোনাপাড়া, ভাদুলিয়া, সাজাইল, দরিপদ্মপিলা হয়ে বাথানডাঙ্গা বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে কাশিয়ানী,মুকসুদপুর উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন