ববি প্রতিনিধি
চরামদ্দী ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চরামদ্দী পিটিএফসিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফুটবল টিম।
ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যায় বরিশাল বিশ্ববিদ্যালয় দল। দলের হয়ে প্রথম গোলটি করেন কাজী সালমান। তার গোলে অ্যাসিস্ট করেন রুবেল হোসেন। পরে আবু হুরায়রা দ্বিতীয় গোলটি করেন, যেখানে অ্যাসিস্ট করেন আশিক খান। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বরিশাল বিশ্ববিদ্যালয়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চরামদ্দী পিটিএফসি। এ সময় রাজু হোসেন একটি গোল করে ব্যবধান কমান। তবে বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফুটবল টিম।
ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়ক মেহেদী হাসান বলেন, “আমাদের দল অনেক ভালো খেলছে। তবে ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে আমাদের আপত্তি ছিল। আমরা ফাইনালে আরও ভালো খেলা উপহার দিতে চাই।”
বরিশাল বিশ্ববিদ্যালয় দলের ডিফেন্ডার শিপন সরকার বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফুটবল টিম আরও সুযোগ-সুবিধা পেলে ভবিষ্যতে আরও ভালো করবে। দলের খেলোয়াড়দের সামর্থ্য রয়েছে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দল আরও এগিয়ে যাবে।”
বিপক্ষ দলের হয়ে গোল করা স্ট্রাইকার রাজু হোসেন বলেন, “আমরা ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। দ্বিতীয়ার্ধে গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারিনি। বরিশাল বিশ্ববিদ্যালয় দলকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামব।”
এই জয়ের মধ্য দিয়ে চরামদ্দী ফ্রিজ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফুটবল টিম। এখন শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালের প্রস্তুতি নেবে দলটি।