জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় এ সংঘর্ষ ঘটে।
আহতদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত সাংবাদিকরা হলেন: আমার দেশের লিমন ইসলাম, ডেইলি স্টারের রাকিবুল ইসলাম, দেশ রূপান্তরের ফাতেমা আলী, আজকের পত্রিকার সোহান ফরাজী, দিনকালের শিহাব, বার্তা২৪-এর সোহানুর রহমান সুবেল, কালবেলার তৌসিন, নাইম, রাকিব ও মাজহার। এ ছাড়া আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব। আহত শিক্ষার্থীদের নাম ও বিভাগ জানা যায়নি।
জানা গেছে, আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগ অংশ নেয়। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর টাইব্রেকার চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরাও আহত হন।