আন্তর্জাতিক ডেস্ক
জর্ডানের আল-আজরাক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। হামলায় ঘাঁটির বিভিন্ন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি।
শনিবার (১৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির দাবি, হামলায় মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি বড় বিমান পার্কিং র্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে অন্তত দুটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস এবং আরও কয়েকটি ফাইটার জেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে ইরান।
তবে ইরানের এ দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জর্ডান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষয়ক্ষতির দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
হামলার পাশাপাশি আইআরজিসি জর্ডানের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দেশটির ভূখণ্ড থেকে মার্কিন সেনাদের সরিয়ে দিতে পদক্ষেপ নেওয়া উচিত। এ বিষয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে সংস্থাটি।
এর আগে একই দিনে সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এসব ঘটনার ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সূত্র: আল জাজিরা