ডেস্ক নিউজ
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আপনারা (জামায়াত) যা শুরু করেছেন তাতে পতিত ফ্যাসিস্ট উৎসাহিত হবে। এর মাধ্যমে উৎসাহিত হবে বাংলাদেশের অন্য যেকোনো রকমের অগণতান্ত্রিক শক্তি।
নির্বাচনের আগে গণভোটের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজপথের আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সুবিধা পাবে বলে মনে করে শনিবার (৮ নভেম্বর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (কাকরাইল) ভবনের মাল্টিপারপাস হলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে তিনি জামায়াতের উদ্দেশে বলেন, আপনারা খেতে পারবেন না বলে বাড়া ভাতে ছাই ছিটিয়ে দেবেন- সেটা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না; সেই সুযোগ তারা দেবে না। সুতরাং আপনারা ঋণ করে ঘি খেতে চান- খান। কিন্তু আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দান অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না।
ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শেষবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই- আগামী ফ্রেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য- ডিসেম্বরের প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন। অবশ্য আপনাদের সরকারের আর কোনো আহ্বানের প্রয়োজন নেই। কারণ, নির্বাচন কমিশনকে যে নির্দেশনা আপনারা দিয়েছেন সে হিসেবে কমিশন বলেছে, আনুমানিক দুই মাস সময় হাতে রেখে তারা তফসিল ঘোষণা করবেন। সেই তফসিল অনুযায়ী আমরা নির্বাচনে অংশ নেব।’
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোট একই দিনে হতে হবে- এর কোনো বিকল্প নেই। যেখানে ফলাফল একই হবে সেখানে এর আগে একটা বিশাল আয়োজন অগ্রহণযোগ্য, অযৌক্তিক। শুধু জাতীয় ঐক্যের স্বার্থে জনসম্মতি নেওয়ার জন্য এই গণভোটের প্রস্তাব করেছিলাম। অবশ্যই সেই গণভোটটা জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের সভপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।