ক্যাম্পাস

জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

Published

on

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ‘নারীবিদ্বেষী’ পোস্টের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জামায়াত-শিবির বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং নারীর প্রতি অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জানান।

সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে তা উদ্ধার করতে সাধারণত ১ থেকে ৩ কার্যদিবস সময় লাগে। অথচ আমির সাহেব কয়েক ঘণ্টার মধ্যে আইডি রিকভার করে ফেললেন! এটা কি দোয়া-দুরুদ পড়ে করলেন নাকি জনরোষ থেকে বাঁচতে মিথ্যা বলছেন?’

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা নারীদের সম্মান দিতে জানে না, দেশের নারী সমাজ ও সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে তাদের এ দেশ থেকে বিতাড়িত করবে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘ফেব্রুয়ারি ভাষার মাস। যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে, সেই মাসে জামায়াত আমির নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন, তা মেনে নেওয়া যায় না। তারা অনলাইনে শিবিরের ক্যাডারদের লেলিয়ে দিয়ে নারীদের হেনস্তা করছে।’

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি এবং বিজয়-২৪ হলের সভাপতি গাজী ফেরদৌস।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদ মনোনীত রাকসুর জিএস প্রার্থী ও উর্দু বিভাগের শিক্ষার্থী আফরিন জাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version