আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মির্জা ফখরুলের পক্ষে জেলা নির্বাচন কার্যালয় থেকে জেলা বিএনপির সাবেক সহসভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তার প্রতিনিধি হিসেবে একজন ফরমটি নিয়ে গেছেন।’
এদিকে, মনোনয়ন ফরম সংগ্রহের খবরে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে। এলাকাটিকে দীর্ঘদিন ধরেই মির্জা ফখরুলের রাজনৈতিক ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।
এ বিষয়ে নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, ‘মহাসচিবের নির্দেশনায় তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঠাকুরগাঁও-১ আসনে তার প্রতি ভোটারদের আস্থা রয়েছে বলে আমরা বিশ্বাস করি।’
এর আগে গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই তালিকায়ই ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছিল।