top3

ঢাবিতে নারীদের হল ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি, সংহতি সর্ব মিত্র চাকমার

Published

on

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা ক্যাম্পাসে অবাধ যাতায়াত এবং হলের বিদ্যমান বিধিনিষেধ পুনর্বিবেচনার দাবির প্রতি সংহতি জানিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।

শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি নারী শিক্ষার্থীদের ন্যায্য দাবি, নিরাপদ ক্যাম্পাস ও সমঅধিকারভিত্তিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান।

সর্ব মিত্র চাকমা বলেন, মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও স্বাধীন মতপ্রকাশের জন্য পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এখনো বিভিন্ন বৈষম্যমূলক নীতি ও প্রশাসনিক সীমাবদ্ধতা রয়েছে। নিরাপত্তার অজুহাতে তাদের চলাচল সীমিত করা বা আবাসিক সুবিধায় বৈষম্য সৃষ্টি করা প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ের আদর্শের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করার অর্থ কোনো শিক্ষার্থীর মৌলিক অধিকার বা স্বাধীনতা সংকুচিত করা নয়। বরং এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ক্যাম্পাস ২৪ ঘণ্টা সব শিক্ষার্থীর জন্য নিরাপদ, প্রবেশযোগ্য ও অবাধ যাতায়াতের উপযোগী হয়।

বিবৃতিতে নারী শিক্ষার্থীদের সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিরাপদ, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে নারী শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চারটি দাবি জানানো হয়েছে। এগুলো হলো—নারী শিক্ষার্থীদের প্রতি বিদ্যমান বৈষম্যমূলক নীতি ও বিধিনিষেধ পুনর্বিবেচনা ও সংস্কার; আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্রের ভিত্তিতে ২৪ ঘণ্টা ক্যাম্পাসে প্রবেশ ও অবাধ যাতায়াত নিশ্চিত করা; নিরাপত্তার নামে অধিকার সীমিত না করে পর্যাপ্ত আলোকসজ্জা, নজরদারি ও জবাবদিহিমূলক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা; এবং ক্যাম্পাসকে সব শিক্ষার্থীর জন্য সমান, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষাঙ্গনে পরিণত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version