রাজনীতি

তরুণদের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চার দিন আগে তরুণদের উদ্দেশে ফেসবুকে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, প্রিয় তরুণ বন্ধুরা, তোমরা আমাদের জুলাইয়ের অগ্রসেনানী। তোমরা না থাকলে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বপ্নও দেখতে পারতাম না। আমার ভালোবাসা ও গভীর সম্মান তোমাদের জন্য।

‘যেভাবে তোমরা ৩৬ জুলাই পর্যন্ত অবিচল ছিলে, আমার আত্মবিশ্বাস, আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথও তোমরা রুখে দেবে।’

জামায়াত আমির আরও লিখেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন পূর্বের কোনো নির্বাচনের মতো নয়। এই নির্বাচন নির্ধারণ করে দেবে, গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ, সার্বভৌমত্ব নাকি আধিপত্য, কী হবে বাংলাদেশের ভবিষ্যৎ। ষড়যন্ত্র, ফাঁদ, উসকানি কিংবা অপপ্রচার- কোনোটিই যেন তোমাদের ভোট বাধাগ্রস্ত করতে না পারে। শান্ত থাকো, সতর্ক থাকো, লক্ষ্যপানে দৃঢ় থাকো।

‘মনে রেখো, সিস্টেম কাকতালীয়ভাবে বদলায় না। যুবসমাজ যখন সিদ্ধান্ত নেয়, পরিবর্তন তখনই আসে। ১২ ফেব্রুয়ারি তোমাদের সিদ্ধান্ত জানিয়ে দাও একটি নতুন বাংলাদেশের জন্য। সেটাই হবে প্রকৃত অর্থে বাংলাদেশ ২.০।’

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

সংসদ নির্বাচনে ২৯৯ আসনে দুই হাজার ৯ জন প্রতিদ্বন্দ্বী রয়েছে। এর মধ্যে আড়াই শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছে, বাকিরা ৫১টি দলের প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version