বিনোদন

তরুণদের উদ্দেশ্যে কঙ্গনার বার্তা,শক্তি ও চিন্তা কাজে লাগাও

Published

on

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্য নিয়ে আলোচনায় এসেছেন। এবার তিনি আধুনিক তরুণদের জীবনধারা, ডেটিং সংস্কৃতি, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং মানসিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তরুণদের উদ্দেশে ইতিবাচক জীবনযাপনের আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা লেখেন, বর্তমান প্রজন্মের অনেকেই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ, বিভিন্ন ক্ষণস্থায়ী সম্পর্ক, পার্টি, মাদক ও ভার্চ্যুয়াল জীবনের নানা বিষয় ঘিরে সময় কাটালেও প্রকৃত আনন্দ বা পরিপূর্ণতা খুঁজে পাচ্ছে না। তার মতে, উদ্দেশ্যহীন জীবন, অতিরিক্ত আবেগ ও এসব মোহ মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দেয়।

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আবেগ থাকুক নিজের স্বপ্ন, ক্যারিয়ার ও সাফল্য অর্জনের জন্য। নিজেদের চিন্তা, মেধা ও শক্তিকে ইতিবাচক ও গঠনমূলক কাজে ব্যবহার করতে হবে। একই সঙ্গে আধুনিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি সংযত ও মূল্যবোধভিত্তিক জীবনযাপনের ওপরও গুরুত্ব দেন তিনি। তার দাবি, এতে হতাশা, নেতিবাচকতা, একঘেয়েমি এবং নানা ধরনের সামাজিক সমস্যার ঝুঁকি কমবে।

সন্তানদের আচরণের জন্য শুধু পরিবারকে দায়ী করার প্রবণতারও সমালোচনা করেন কঙ্গনা। তিনি বলেন, বর্তমান সময়ে একজন তরুণকে শুধু তার পারিবারিক পরিবেশ দিয়ে মূল্যায়ন করা ঠিক নয়। বরং তার ওপর কারা প্রভাব ফেলছে, সে কার সঙ্গে সময় কাটাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা তার চিন্তাভাবনায় কী ধরনের প্রভাব ফেলছে—এসব বিষয়ও সমানভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

পোস্টের শেষাংশে কঙ্গনা বলেন, বর্তমান সমাজে অনেকেই বাস্তব জীবনের পাশাপাশি একটি আলাদা ডিজিটাল পরিচয় তৈরি করে চলেন। ফলে সন্তানদের প্রতিটি ভুলের জন্য সরাসরি বাবা-মাকে দায়ী করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version