top3

তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে রূপ দিতে ট্যুরিজম বিভাগের বৃক্ষরোপণ

Published

on

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বিভাগটি।

রবিবার (৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম ভবনের সামনে এই কর্মসূচি উদ্বোধন করেন বিভাগটির সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা।

এ সময় টিএইচএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল ও প্রভাষক মোছা. খাদিজাতুল কোবরা সহ সংশ্লিষ্ট কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিভাগের শিক্ষার্থীরা জানান, এই ব্যতিক্রমধর্মী প্রকল্প “Blooming Destination: Green Campus Starts with Us”-এর অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। পর্যটনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো— Destination Management। একটি গন্তব্যের সাফল্য শুধু তার প্রাকৃতিক বা ঐতিহাসিক সম্পদের ওপর নির্ভর করে না, বরং তার পরিচ্ছন্নতা, সৌন্দর্য, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং দর্শনার্থীদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা তৈরির ওপরও নির্ভর করে। এই বাস্তবতাকে সামনে রেখেই শিক্ষার্থীরা এই প্রকল্পটি গ্রহণ করেছে, যাতে তারা শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে পারে।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য তিনটি উল্লেখ করে বলেন, প্রথমত, ফুল ও বৃক্ষরোপণের মাধ্যমে কীভাবে একটি পর্যটন গন্তব্যের সৌন্দর্য ও নান্দনিকতা বৃদ্ধি করা যায়, তা বাস্তবভাবে অন্বেষণ করা। দ্বিতীয়ত, সবুজ, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ সৃষ্টি করে কীভাবে দর্শনার্থীদের অভিজ্ঞতা, স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টি বৃদ্ধি করা যায় তা প্রদর্শন করা। তৃতীয়ত, একটি আকর্ষণীয় সবুজ পরিবেশ গড়ে তুলে কীভাবে একটি গন্তব্যের ব্র্যান্ডিং শক্তিশালী করা যায় এবং দর্শনার্থীদের আগ্রহ বৃদ্ধি করা যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব ধারণা প্রদান করা।

বিভাগটির সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, “এই বৃক্ষরোপণের প্রধান উদ্দেশ্য বৃক্ষরোপণের মাধ্যমে প্র্যাকটিক্যাল লার্নিং শেখাতে চাচ্ছি। পাশাপাশি টেকসই ও পরিবেশবান্ধব উন্নতির জন্য গাছ, ফুল ও সবুজায়ন এই কনসেপ্টগুলোকে বহির্বিশ্বে আকর্ষণীয় বিষয় হিসেবে ধরা হয়। তার প্রেক্ষিতেই ডেস্টিনেশন ম্যানেজমেন্টকে সামনে রেখেই আমাদের এই বৃক্ষরোপণের কর্মসূচি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version