নেত্রকোণা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নেত্রকোনা সদর উপজেলার নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ২টা থেকে আড়াইটার মধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বিদ্যালয়ের পুরাতন ভবনের একটি কক্ষে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়।
আগুনে কক্ষের দুটি বেঞ্চ, ফ্যান ও লাইটসহ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে রাতেই নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন জেলা পুলিশ, ডিবি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, আগুন দিয়ে ভোট প্রক্রিয়ায় ভয় ও অস্থিরতা সৃষ্টি করাই এই হামলার উদ্দেশ্য। নূরপুর সিধরপুর ভোটকেন্দ্রসহ পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে, যারা এই অপকর্মে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।