top2

বিএনপিতে যোগ দিলেন সাবেক কৃষকলীগ নেতা ও অর্থ পাচার মামলার আসামি

Published

on

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা টাইমস’২৪–এর সম্পাদক মো. আরিফুর রহমান দোলন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলে যোগদান করেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান দোলনকে দলে স্বাগত জানান। এ সময় ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

দোলন বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভোট বিভক্ত না করে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করাই সময়ের দাবি। নীতির প্রশ্নে তিনি কখনো আপস করেননি বলেও দাবি করেন। এ কারণে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের প্রতি সমর্থন জানান।

দলীয় সূত্র জানায়, দোলন প্রথমে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিলেও শেষ সময়ে বিএনপির পক্ষে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন। বিএনপি চেয়ারপারসন ও মহাসচিবের সঙ্গে সময় না মেলায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিতে না পারলেও নজরুল ইসলাম খানের হাত ধরেই অনানুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

উল্লেখ্য, আরিফুর রহমান দোলন বর্তমানে আলোচিত একটি অর্থ পাচার মামলার আসামি। ২৫০০ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় গতবছরের ৫ মার্চ ঢাকার সিনিয়র বিশেষ জজ ও মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে তিনি ওই মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন।

সিআইডির করা এ মামলায় দোলনসহ মোট ৪৭ জন আসামি রয়েছেন। মামলাটি ফরিদপুরে বিভিন্ন সরকারি দপ্তরের ঠিকাদারি নিয়ন্ত্রণ, অবৈধ সম্পদ অর্জন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ সংশ্লিষ্ট। মামলাটিতে সাবেক ও বর্তমান আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীর নাম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version