top2

বিদেশি অতিথিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

Published

on

অলটাইম ডিজিটাল রিপোর্ট

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলা ও ওয়াকআউটের ঘটনায় গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বিদেশি অতিথিদের উপস্থিতিতে এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং এতে তিনি ব্যক্তিগতভাবে ব্যথিত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রে জুলাই শহীদ আবু সাঈদের ছবি না থাকায় উপস্থিত একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে হট্টগোল ও ওয়াকআউটের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রী দুঃখ প্রকাশ করলেও বিক্ষোভ থামেনি। পরে কয়েকজন বিদেশি অতিথিও অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ ঘটনার প্রসঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, সকালে অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে এবং সেখানে জাতীয় ঐক্যের চিত্র ফুটে উঠেছিল। তবে প্রামাণ্যচিত্রে কিছু ভুল ছিল। তিনি বলেন, ‘আবু সাঈদের ছবিই দেখলাম না। ভুল হতেই পারে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রী ক্ষমাও চেয়েছেন। তারপরও যে ঘটনা ঘটল, তা অত্যন্ত অনভিপ্রেত। বিদেশিদের সামনে আমি হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি।’

তিনি আরও বলেন, বিদেশি অতিথিরা অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ায় দেশের জন্য ইতিবাচক বার্তা যায়নি। জাতীয় ঐক্যের পরিবর্তে বিভক্তির চিত্র উঠে এসেছে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে সংসদের মতো ওয়াকআউটকে তিনি মোটেও শোভনীয় নয় বলেও মন্তব্য করেন।

বিক্ষোভকারীদের উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতির সামনে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি, উড়ে এসে জুড়ে বসিনি। ভুল হলে তা ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করব। কিন্তু বিশৃঙ্খলা করে কোনো লাভ নেই।’

সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার এবং এই সরকার আওয়ামী লীগের পথ অনুসরণ করবে না। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তারা দেশে আসার ঘোষণা দেয়; আসুক, দেখা হবে রাজপথে।’

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের বিষয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, সরকার তাদের যথাযথ সম্মান নিশ্চিত করবে। শহীদদের মর্যাদা রক্ষা এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version