শাবিপ্রবি প্রতিনিধি
ফুটবল বিশ্বকাপের বাকি ম্যাচগুলো বড় পর্দায় দেখানোর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে ৩৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথকভাবে আরও ১০ সদস্যের একটি কমিটিও করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোকে ঘিরে দর্শকসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত কমিটির সদস্যরা বড় পর্দায় খেলা দেখার পুরো আয়োজন সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, “আমরা এর আগেও কয়েকটি ম্যাচ বড় পর্দায় দেখিয়েছি। সবার সহযোগিতায় সেগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তবে সামনে তিনটি হাইভোল্টেজ ম্যাচ রয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই মিলে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করুক।”
তিনি আরও বলেন, “পরবর্তী ম্যাচগুলোতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি বেশি হবে। তাই নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সব ছাত্রসংগঠন এবং বিভিন্ন দলের সমর্থকদের নিয়ে ৩৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য নারী শিক্ষার্থীদের নিয়ে পৃথক ১০ সদস্যের একটি কমিটিও করা হয়েছে। সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারব বলে আশা করছি।”