রাজধানীর মিরপুর ২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। ওই ভবনের ছাদে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এখন পর্যন্ত ভবন থেকে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুর ২ নম্বরের স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা ভবনের (এল এ প্লাজা) ৩য় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছে, দুপুর ১টা ৫২ মিনিটে তারা আগুন লাগার খবর পান। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫৮ মিনিটে। পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়। এ ছাড়া আরও দুটি ইউনিট পাঠানো হচ্ছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।