বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেজ্ঞাধার বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশন বলছে, অনেকদিন আগে নিজেদের প্রস্তুতি সূচি জমা দেওয়ার পরও আয়োজকদের বিভিন্ন সিদ্ধান্তে দলের স্বাভাবিক প্রস্তুতি ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানান, টুর্নামেন্ট শুরুর আগেই দলটির প্রস্তুতি সূচি জমা দেওয়া হয়েছিল। তবে আয়োজকদের আরোপিত বিধিনিষেধের কারণে কোচিং স্টাফের পরিকল্পনা বাস্তবায়নে ব্যাহত হচ্ছে।
বর্তমানে ইরান ফুটবল দলের বেস ক্যাম্প রয়েছে মেক্সিকোর তিহুয়ানায়। আগামী রবিবার লস অ্যাঞ্জেলেসে গ্রুপ-জি’র ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। ম্যাচটি স্থানীয় সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা।
কারণ খেলোয়াড়দের স্থানীয় পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের প্রস্তুতি শেষ করা। কিন্তু আয়োজক কর্তৃপক্ষ সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
ফেডারেশনের মুখপাত্র আরও বলেন, ‘লস অ্যাঞ্জেলেসে ম্যাচটি দুপুরে অনুষ্ঠিত হবে। তাই খেলোয়াড়দের পর্যাপ্ত সময় দেওয়ার জন্য আমরা দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চেয়েছিলাম।
কিন্তু কারিগরি ও পেশাদার কারণ দেখানোর পরও আমাদের অনুরোধ আবারও নাকচ করা হয়েছে। ’
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি সিবিএস নিউজকে বলেন, ‘ইরানকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ম্যাচের এক দিন আগে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। দলটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে আসতে পারবে। এরপর ম্যাচ শেষ হওয়ার দিন সন্ধ্যাতেই তাদের চলে যেতে হবে। লস অ্যাঞ্জেলেসে এই নিয়মই কার্যকর থাকবে।
তিনি আরও জানান, ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ইরানের শেষ গ্রুপ ম্যাচের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
এর আগে সোমবার লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করে ইরান। রাজনৈতিক উত্তেজনার আবহে অনুষ্ঠিত ম্যাচটির পরই নতুন বিতর্কের জন্ম হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়ে দেন, লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত ইরানের বিশ্বকাপ ম্যাচগুলোর ক্ষেত্রে খেলা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলটিকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অবস্থান স্পষ্ট করা হয়। এর আগে ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, দলটির ভিসা ও অবস্থান সংক্রান্ত বিষয়ে মার্কিন প্রশাসনের আচরণ যথাযথ ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি স্থানীয় সময় রাত ৮টার দিকে শেষ হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই পুরো ইরান প্রতিনিধি দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হয়। তারা সঙ্গে সঙ্গে মেক্সিকোর তিহুয়ানায় ফিরে যায়। এতে খেলোয়াড়রা হোটেলে থেকে বিশ্রাম নেওয়ারও সুযোগ পাননি, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
সূত্র: আল-জাজিরা