রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবমবারের মতো শিক্ষার্থীদের নোবেল খ্যাত হাল্ট প্রাইজের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
এবারের আসরের ক্যাম্পাস রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে টিম ‘SIPSAFE’।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত।
জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত এই প্রতিযোগিতাকে বিশ্বজুড়ে ‘শিক্ষার্থীদের নোবেল’ হিসেবে অভিহিত করা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক সামাজিক সমস্যার উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক সমাধান উপস্থাপনের সুযোগ পায়।
এবারের গ্র্যান্ড ফাইনালে বিভিন্ন দলের মধ্যে প্রতিযোগিতার পর রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে টিম ‘বুনন বাজার’। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্সআপ হয়েছে টিম ‘The Conquerors’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
বক্তারা বলেন, হাল্ট প্রাইজের মতো আন্তর্জাতিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাধারা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের আয়োজন ভবিষ্যতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে সহায়ক হবে।
এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদান করেছে ভিআরসি স্টাডি অ্যাব্রড (VRC Study Abroad), খান তেহেরি ঘর, রিমার্ক (REMARK), গ্লোবাল হাইটস ও ভলভোলাইন।