রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ’ (আরইউআরএস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আল-আমিন ইসলাম দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যবিশিষ্ট এই চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক কার্যক্রমে পূর্ববর্তী অবদান, নেতৃত্বের সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি (গবেষণা) আশরাফ পারভেজ, সহ-সভাপতি (প্রশাসন) হাছনা শাম্মা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সিয়াম ও মোঃ আনসারুল হক সায়েম, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার সিয়াম এবং সহকারী কোষাধ্যক্ষ সামিহা হোসেন।
এছাড়া ডেপুটি রিসার্চ ডিরেক্টর (নন-স্টেম) পদে সাকিব সোহাগ, দপ্তর সম্পাদক পদে আরমিন জাহান আভা, সহকারী দপ্তর সম্পাদক পদে আতিফ সারমিলা দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রাগীব মোহাম্মদ আলতাফিন (এক্সটার্নাল), মুজাহিদ সায়েম (রিসার্চ) এবং সামাইরা সামান্তা প্রজ্ঞা (ইন্টার্নাল)।
নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষণা সংসদের মডারেটর ও অণুজীববিজ্ঞান বিভাগের সভাপতি ইমতিয়াজ হাসান, ফোকলোর বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মোহাম্মদ ইশতিয়াক এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রভাষক শাকিবুল হাসান, সহ-প্রতিষ্ঠাতা মেহেদী হাসান শাওন, বিদায়ী কমিটির সভাপতি তানজিম হাসান প্রাঙ্গণ ও সাধারণ সম্পাদক নাবিল বিন জাকিরসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় গবেষণার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় সংগঠনটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।