ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক গণভোটে ভোটগ্রহণ শুরুর প্রথম সাড়ে ৪ ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী সারাদেশে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত ভোটগ্রহণ দিনের প্রথম সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন।
ইসি সচিব বলেন, ‘এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, সারাদেশের ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। কোথাও ভোটগ্রহণ বন্ধ করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।’
তিনি আরও জানান, সারাদেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হবে।
এ পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে বলে জানায় নির্বাচন কমিশন। ভোটের সর্বশেষ পরিস্থিতি নিয়মিত বিরতিতে গণমাধ্যমকে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।