top3

সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার একাদশে আসতে পারে দুই পরিবর্তন

Published

on

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের গ্রুপ পর্ব স্বাচ্ছন্দ্যে পার করলেও নকআউট পর্বে প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে হারানোর পর শেষ ১৬-তে মিসরের বিপক্ষেও নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।

এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, মিসরের বিপক্ষে জয় পাওয়া দলটির ওপরই তার আস্থা রয়েছে। তবে প্রতিপক্ষের ধরন ও ম্যাচের কৌশল বিবেচনায় শুরুর একাদশে এক বা দুটি পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

স্কালোনি বলেন, “আমরা একই একাদশ নিয়ে অনুশীলন করেছি। সেই দল নিয়েই খেললে অবাক হওয়ার কিছু নেই। তবে ছোটখাটো পরিবর্তন হতে পারে। মূলত গত ম্যাচের কাছাকাছি একটি দল নিয়েই আমরা মাঠে নামতে চাই।”

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, একাদশে দুটি পরিবর্তন দেখা যেতে পারে। মিসরের বিপক্ষে বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্স করা গঞ্জালো মন্টিয়েলকে শুরু থেকেই খেলানো হতে পারে। এছাড়া মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গায় নিকো গঞ্জালেসকে দেখা যেতে পারে।

অন্যদিকে, মিসরের বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পাওয়া জুলিয়ান আলভারেজই সুইজারল্যান্ডের বিপক্ষেও লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, নিকো গঞ্জালেস, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version