আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের মাটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত প্রায় চার মাসের মধ্যে সৌদি ভূখণ্ডে তেহরানের এটিই প্রথম সরাসরি সামরিক হামলা বলে দাবি করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা সৌদি আরবের কোন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, এর আগে গত এপ্রিল মাসের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে সর্বশেষ সরাসরি সামরিক হামলা চালিয়েছিল ইরান। প্রায় চার মাস পর আবারও সৌদি আরবের ভেতরে কোনো লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল তেহরান।
এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং পাল্টাপাল্টি সামরিক তৎপরতা বেড়েছে। বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি