top3

স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা

Published

on

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় প্রার্থীসহ অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের জোড়পুকুর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ ঘটনা ঘটে।

দলীয় কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলায় একটি জনসভা শেষ করে রাতে গাড়ি নিয়ে ফিরছিলেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ। তার গাড়িবহরটি হাতীবান্ধার জোড়পুকুর এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত চলন্ত গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে প্রার্থীর গাড়ির পেছনের কাচ ভেঙে চুরমার হয়ে যায় এবং কাচের আঘাতে শিহাব আহমেদসহ গাড়িতে থাকা আরও একজন আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার খবর ছড়িয়ে পড়লে শিহাব আহমেদের সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা তাৎক্ষণিকভাবে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন। প্রায় ঘণ্টাব্যাপী এই অবরোধের ফলে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version