top1

অটোরিকশার পক্ষে কথা বলা নেতারই ৭০০ অটোরিকশা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

Published

on

ডিজিটাল ডেস্ক

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের পক্ষে বক্তব্য দেওয়া একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের নিজেরই ৭০০টি অটোরিকশা রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকার কার্যক্রম উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সাধারণ মানুষ অটোরিকশা চলাচলের পক্ষে আন্দোলন করবে—এমনটা তিনি মনে করেন না। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল প্রকাশ্যে অটোরিকশা চলাচলের দাবি মেনে নেওয়ার কথা বলছেন। পরে খোঁজ নিয়ে ওই নেতার ৭০০টি অটোরিকশা থাকার তথ্য পেয়েছেন বলে দাবি করেন তিনি।

রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকার প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। দোকানের সামনে কিংবা ফুটপাতে যাতে কেউ অবৈধভাবে বসতে না পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। নগরবাসী যা চাইবে না, সিটি করপোরেশন তা করবে না।

ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ চলছে জানিয়ে মিল্টন বলেন, যেসব এলাকার ফুটপাত ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সংস্কার করে পথচারীবান্ধব ও দৃষ্টিনন্দন করে তোলা হচ্ছে।

এ সময় একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে ফুটপাতের হকারদের উসকানিমূলক পরামর্শ দেওয়ার অভিযোগও করেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, জনস্বার্থের বিরুদ্ধে কেউ নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে সিটি করপোরেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version