চট্টগ্রাম বন্দরে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ফের লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এতে বন্ধ থাকবে পণ্য খালাস। বন্ধ হয়ে যাবে বহির্নোঙরের কাজও। এর ফলে ক্রয়াদেশ হারানোর শঙ্কা প্রকাশ করেছেন গার্মেন্টস মালিকরা।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ শনিবার (৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেয়। তারা জানায় রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই ধর্মঘট শুরু হবে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ ৪ দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল করাসহ আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করার দাবিও জানিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতা হুমায়ন কবীর লিখিত বক্তব্যে এসব দাবি-দাওয়া তুলে ধরেন।