রাজনীতি

রাজনৈতিক পরিচয় বদলের অভিযোগ কুষ্টিয়ার শেখ সাদীর বিরুদ্ধে

Published

on

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার উজানগ্রাম ইউনিয়নে দল বদল করে ভিন্ন রাজনৈতিক আদর্শে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে শেখ সাদী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ছাত্রলীগের সাবেক এই কর্মী বর্তমানে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন বলে স্থানীয়দের একটি পক্ষ দাবি করছে।

এই ঘটনাকে কেন্দ্র করে উজানগ্রামের দুর্বাচারা গ্রামসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, শেখ সাদী পূর্বে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তৎকালীন সময়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণের কিছু ভিডিওচিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগকারীরা দাবি করছেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর শেখ সাদী রাতারাতি নিজের রাজনৈতিক পরিচয় বদলে ফেলেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী ছাত্রদলের স্থানীয় বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।

ছাত্রলীগের সাবেক এক কর্মীর এভাবে বিএনপিতে ভিড়ে যাওয়ার বিষয়টি নিয়ে উজানগ্রাম ইউনিয়নের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা চলছে। এটিকে অনেকে ‘সুবিধাবাদী রাজনীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

তবে এই দল বদলের অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে অভিযুক্ত শেখ সাদী কিংবা স্থানীয় বিএনপি নেতৃত্বের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version