top3

কর্ণফুলীর ঝোপ থেকে উদ্ধার ব্রাজিলে তৈরি ৯ এমএম পিস্তল

Published

on


চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের বিশেষ অভিযানে একটি ঝোপ থেকে ব্রাজিলে তৈরি একটি ৯ এমএম (9 MM) পিস্তল উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় পাওয়া অস্ত্রটি সম্প্রতি থানা থেকে লুট হওয়া সরকারি পিস্তল কি না, তা নিশ্চিত হতে ব্যালিস্টিক পরীক্ষা ও প্রযুক্তিগত তদন্তের উদ্যোগ নিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুলসংলগ্ন চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রটির বডি লোহার এবং বাঁট প্লাস্টিকের তৈরি। পিস্তলের এক পাশে ইংরেজিতে ‘TAURUS’ এবং অন্য পাশে ‘MADE IN BRAZIL’ লেখা খোদাই করা রয়েছে। তবে অস্ত্রটির ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত থাকলেও এর সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্রের ভাষ্য, উদ্ধার হওয়া অস্ত্রটি ব্রাজিলের সুপরিচিত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান টরাস (TAURUS)-এর তৈরি ৯ এমএম ক্যালিবারের একটি সেমি-অটোমেটিক পিস্তল। প্রাথমিকভাবে এটিকে প্রতিষ্ঠানটির জি-৩ (G3) সিরিজের মডেল বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের পিস্তল ব্যবহার করে থাকে। ফলে এটি কোনো সরকারি সংস্থার বরাদ্দকৃত অস্ত্র ছিল কি না কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত কি না, তা ব্যালিস্টিক পরীক্ষা ও প্রযুক্তিগত তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, “উদ্ধার হওয়া পিস্তলটির উৎস শনাক্তে কাজ চলছে। ব্যালিস্টিক পরীক্ষাসহ সব দিক গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version