নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।
এসময় একটি ভোটকেন্দ্রে অস্ত্র ও লাঠি উদ্ধারের ঘটনায় সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্র পরিবর্তনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এমন অভিযোগ দেন তিনি।
সাক্ষাৎ শেষে ইশরাক হোসেন সাংবাদিকদের জানান, গত ৪ ফেব্রুয়ারি রাতে সূত্রাপুরের কাঠের পুল সংলগ্ন কসমোপলিটন স্কুল কেন্দ্রে অভিযান চালিয়ে পুলিশ ১৫২ পিস মোটা লাঠি (স্ট্যাম্প) উদ্ধার করে। ওই ভবনটির মালিকানায় রয়েছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী।
তিনি বলেন, ‘ওসি সাহেবকে জানানোর পর ৩-৪ ঘণ্টা সময় ক্ষেপণ করেন, যার ফলে সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ লাঠিসোঁটা সরিয়ে ফেলার সুযোগ তৈরি হয়। আমরা মনে করছি, এটি একটি অপরাধমূলক কর্মকাণ্ডে সরাসরি সহযোগিতার শামিল।’
বিএনপির এ প্রার্থী বলেন, কসমোপলিটন স্কুলে যেহেতু অস্ত্র ও লাঠি মজুত করার ঘটনা ঘটেছে, তাই সেখানে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে কেন্দ্রটি পরিবর্তনের আবেদন জানানো হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলা ও পক্ষপাতিত্বের অভিযোগে সূত্রাপুর থানার ওসির দ্রুত পরিবর্তনের দাবি করেছি।
নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে ইশরাক জানান, ঢাকা-৬ আসনে এখন পর্যন্ত পরিবেশ তুলনামূলক শান্তিপূর্ণ থাকলেও হঠাৎ এই অস্ত্র ও লাঠি উদ্ধারের ঘটনা তাকে ভাবিয়ে তুলেছে। অনেক হোল্ডিংয়ে ২০ জন করে অতিরিক্ত ভোটার দেখা যাচ্ছে, যারা মূলত ‘ভুয়া ভোটার’। বিষয়টি পূর্ণাঙ্গভাবে কম্পাইল করে তারা দ্রুতই নির্বাচন কমিশনকে অবহিত করবেন।