সর্বশেষ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দর্শকদের মন কাড়ল রাবি সায়েন্স ক্লাবের ‘সায়েন্স শো’

Published

on

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর কেন্দ্রীয় আয়োজনে ব্যতিক্রমধর্মী ও শিক্ষণীয় বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কমপ্লেক্সে আয়োজিত সায়েন্স শোতে ১৫টিরও বেশি আকর্ষণীয় ও বাস্তবধর্মী পরীক্ষণ প্রদর্শন করে ক্লাবটি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬’-এর কেন্দ্রীয় কর্মসূচিতে আমন্ত্রিত হয়ে অংশ নেয় রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো টিম। প্রদর্শিত পরীক্ষণগুলোর মধ্যে ছিল জিনের বোতল, লেইডেন জার, দৈত্যের ধোঁয়া, সিংগিং পাইপ, ব্ল্যাক স্নেকস, টাকার আগুন ও ঘূর্ণায়মান বলসহ বিভিন্ন মজার ও বিজ্ঞানভিত্তিক উপস্থাপনা, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ, আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি মো. আসাদুল ইসলাম এবং রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ক্লাবের সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমদ তোফা উপস্থিত ছিলেন। এ সময় তোফায়েল আহমদ তোফা বিজ্ঞান জনপ্রিয়করণে রাবি সায়েন্স ক্লাবের ভূমিকা ও কার্যক্রম তুলে ধরেন। ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে এর অবদানের বিষয়ে বক্তব্য দেন।

সায়েন্স শো পরিচালনা ও উপস্থাপনায় নেতৃত্ব দেন ক্লাবের কোষাধ্যক্ষ সুলাইমান। তাঁর সঙ্গে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক দিনার, প্রচার সম্পাদক মো. সোহান তানভীর, যোগাযোগ সম্পাদক মো. নয়ন উদ্দিন, অর্গানাইজার আবদুর রহমান খালিদ এবং মাহির আবসার অয়ন।

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মনিরুজ্জামান এবং সিনিয়র কিউরেটর সুকল্যাণ বাছার উপস্থিত ছিলেন। এ সময় ড. মো. মনিরুজ্জামান রাবি সায়েন্স ক্লাবের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি বলেন, ‘রাবি সায়েন্স ক্লাবের শো দর্শকদের অনুপ্রাণিত করেছে। বিজ্ঞানকে যে এত প্রাণবন্তভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে উপস্থাপন করা যায়, তা তারা করে দেখিয়েছে। এটি আগামী প্রজন্মের বিজ্ঞানচর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।’

রাবি সায়েন্স ক্লাবের জন্য এ অংশগ্রহণ একটি উল্লেখযোগ্য অর্জন। এর আগে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫-এর কেন্দ্রীয় আয়োজনেও ক্লাবটির সায়েন্স শো দর্শকদের মুগ্ধ করেছিল। এবারের অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আসা শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, অভিভাবক ও সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

ক্লাব সূত্রে জানা যায়, রাজশাহী, ঢাকা, বরগুনা, নাটোর, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে বাস্তবভিত্তিক বিজ্ঞান শিক্ষা পৌঁছে দিতে নিয়মিত সায়েন্স শোর আয়োজন করছে রাবি সায়েন্স ক্লাব। বিজ্ঞানকে সহজ, আনন্দদায়ক ও সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে তাদের এ উদ্যোগ অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version