অলটাইম ডিজিটাল রিপোর্ট
টানা তিন দিনের ছুটি উপলক্ষে শিল্পাঞ্চল গাজীপুর ছেড়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ফিরছেন লাখো কর্মজীবী মানুষ। ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয়েছে। এ সুযোগে কয়েকটি পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।
বুধবার (৫ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও মাওনা চৌরাস্তা এলাকায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।
শিল্প পুলিশ সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দুই দিনের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের অবকাশ পেয়েছেন শিল্পকারখানার শ্রমিকরা। এ কারণে বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।
উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা ত্রিমোড়ে ভোর থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় ধীরগতির যানজট সৃষ্টি হয়। পরিবার-পরিজনের সঙ্গে ছুটি কাটাতে গাজীপুরে বসবাসকারী বিভিন্ন পেশার মানুষ এদিন বাড়ির পথে রওনা দেন।
ঘরমুখো মানুষের এই চাপকে কেন্দ্র করে কয়েকটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে বলে অভিযোগ ওঠে। চন্দ্রা এলাকার কয়েকটি বাস কাউন্টারে কৃত্রিম টিকিট সংকট দেখিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করেন যাত্রীরা।
যাত্রী তাসনীম হোসেন বলেন, তিন দিনের ছুটি পেয়েছেন বলে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি যাচ্ছেন। কিন্তু বাস কাউন্টারে গিয়ে টিকিট পাননি। পরে অতিরিক্ত ভাড়া দিয়ে বাসে উঠতে হয়েছে।
অভিযোগের বিষয়ে চন্দ্রা এলাকার শাহ ফাতেহ আলী পরিবহনের কাউন্টার মালিক ইলিয়াস হোসেন বলেন, পরিবহনের তুলনায় যাত্রীর চাপ বেশি থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক গাড়ি কাউন্টারের নিয়ন্ত্রণের বাইরে থেকেও যাত্রী তুলছে, যার কারণে ভাড়া বেড়ে যাচ্ছে।
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর হোসেন বলেন, ভোর থেকেই মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগেও পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।