আনাস মাহমুদ, বেরোবি প্রতিনিধি
গত ৩রা আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এবং ছাত্রদলের মুখোমুখি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর আজ ৪ঠা আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং পার্কের মোড় থেকে শুরু করে লালবাগ পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশীয় অস্ত্রশস্ত্রসহ মহড়া সম্পন্ন করে। এ সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে রংপুর মহানগর যুবদল, শ্রমিকদল, এবং জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখা কর্তৃক বিকেল পাঁচ ঘটিকায় নগরীর লালবাগ থেকে পার্কের মোড় এলাকায় বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। এরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও বিকেল চার ঘটিকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। ফলশ্রুতিতে সংঘর্ষ এড়াতে ইসলামী ছাত্রশিবির নিজেদের মিছিল প্রত্যাহার করে এবং নগরীর লালবাগে অবস্থান কর্মসূচি পালন করে। এরপরই জাতীয়তাবাদী ছাত্রদলের অস্ত্রের মহড়া দেখা যায়।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় হলের এবং আশেপাশের মেসে থাকা শিক্ষার্থীরা ভয়ে বের হতে পারছেন না বলে অভিযোগ করেছেন। দেশীয় অস্ত্রশস্ত্রসহ রাস্তায় ছাত্রদলের নেতা কর্মীদের অবস্থান নগরীর পরিস্থিতিকে আরো ভয়াবহ গড়ে তুলেছে।
উল্লেখ্য যে, গত ৩রা আগস্ট ইসলামের ছাত্র শিবিরের ব্যানার কে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শেষপর্যন্ত ছাত্রশিবিরের কাছে ছাত্রদলের ছত্রভঙ্গ হয় এবং ক্যাম্পাস ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে চলে যায়।