ক্যাম্পাস

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পৃথক টেকনিক্যাল ক্যাডারসহ ৬ দফা দাবি বেরোবি শিক্ষার্থীদের

Published

on

বেরোবি প্রতিনিধি :

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রিধারীদের বিষয়ভিত্তিক কর্মসংস্থান, পেশাগত স্বীকৃতি ও সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ নিশ্চিত করার দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে আসা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা নিজেদের পেশাগত অধিকার ও কর্মসংস্থানসংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান মুগ্ধ এবং একাদশ ব্যাচের শিক্ষার্থী তাহমিদ সিদ্দিক দাবিগুলো তুলে ধরেন। এ সময় বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ছয়টি প্রধান দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য বিষয়ভিত্তিক সরকারি চাকরির সুযোগ নিশ্চিত করা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তরগুলোতে পৃথক টেকনিক্যাল ক্যাডার বা উপযুক্ত কারিগরি পদ সৃষ্টি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নিয়োগের ক্ষেত্রে এ বিষয়ের ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া।

এ ছাড়া স্কুল ও কলেজ পর্যায়ে ভূগোলের শিক্ষক নিয়োগে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ, দুর্যোগ ও ব্যবস্থাপনা (ESDM) বিষয়ে ডিগ্রিধারীদের যোগ্যতা নির্ধারণে প্রয়োজনীয় নিয়োগবিধি সংশোধন, জাতীয় পর্যায়ে কার্যকর ইন্টার্নশিপ নীতিমালা প্রণয়ন এবং দাবিগুলো পর্যালোচনা ও বাস্তবায়নের সুপারিশ তৈরিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, সরকারি দপ্তর ও বিষয়বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি বা কমিশন গঠনের দাবি জানানো হয়।

বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান মুগ্ধ বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা দেশের দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রস্তুতি, সাড়াদান ও পুনর্বাসন কার্যক্রমে ভূমিকা রাখার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করছেন। কিন্তু সেই অনুযায়ী বিষয়ভিত্তিক কর্মসংস্থান ও পেশাগত স্বীকৃতির সুযোগ নিশ্চিত করা জরুরি। আমরা চাই, সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে আমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতার যথাযথ মূল্যায়ন করা হোক।”

বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “দুর্যোগপ্রবণ বাংলাদেশে দক্ষ দুর্যোগ ব্যবস্থাপনা জনবলের গুরুত্ব অনেক। এ বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট কর্মক্ষেত্র তৈরি করা হলে একদিকে যেমন তাঁদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে দেশের দুর্যোগ ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। এ জন্য পৃথক কারিগরি পদ সৃষ্টি, ইন্টার্নশিপের সুযোগ এবং নিয়োগ নীতিমালা সংশোধনের মতো উদ্যোগ প্রয়োজন।”

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, তাঁদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তাঁদের মতে, এসব দাবি বাস্তবায়িত হলে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষিত তরুণদের পেশাগত স্বীকৃতি ও যোগ্যতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি দেশের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলার পথ আরও সুগম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version