রাবি প্রতিনিধি:
বাংলাদেশে এমন কিছু অনন্য গল্প রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, চলচ্চিত্রের মাধ্যমেই এসব গল্প ছড়িয়ে দেওয়া সম্ভব।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ম্যাজিক লন্ঠন’ আয়োজিত ‘চলচ্চিত্র নির্মাণের লম্বা রেস: সৃজনশীল অংশীদারিত্বে নির্মাতা ও প্রযোজক’ শীর্ষক এক কথামালা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩ নং কক্ষে চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘ম্যাজিক লণ্ঠন’–এর ‘কথামালা-১৪’ আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেদওয়ান রনি।
রেদওয়ান রনি বলেন, দেশের চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সীমাবদ্ধতার পাশাপাশি যে বিপুল সম্ভাবনা রয়েছে, সেগুলোকে কাজে লাগাতে হবে। এখন আমরা যেসব কোরিয়ান চলচ্চিত্র দেখি তা ২০ বছর আগেও এমন ছিলো না। আমাদেরও সময় দরকার।
চরকির যাত্রা সম্পর্কে এই নির্মাতা বলেন, ‘এক সময় আমাদের দেশীয় কোনো ওটিটি প্ল্যাটফর্ম ছিল না। ফলে বিদেশী প্ল্যাটফর্মগুলোতে আমাদের কোটি কোটি টাকা চলে যেত। তাছাড়াও তারা আমাদের চলচ্চিত্রকে আমাদের মতো করে উপস্থাপন করত না। সেই থেকেই চেয়েছিলাম যেন আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম থাকে। এ চিন্তা থেকেই শুরু হয় চরকি’র যাত্রা।’
নতুনদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা নতুন কাজ করতে চায় তারা যেন তাদের দক্ষতা বৃদ্ধির দিকে আরও বেশি গুরুত্ব দেয়। প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে অন্যান্য সুযোগ কোনো না কোনোভাবে তৈরি হয়ে যাবে।’
পাইরেসি নিয়ে তিনি বলেন, ‘পাইরেসি বন্ধ করতে না পারা একটি দুঃখজনক বিষয়। ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে যখন পাইরেসি হয়, তখন আমরা এসব প্ল্যাটফর্মের নিয়মানুযায়ী অভিযোগ দিলে তারা ভিডিও সরিয়ে নেয়। কিন্তু যেসব প্ল্যাটফর্মের কোনো নির্দিষ্ট নাম বা ঠিকানা থাকে না, সেসব প্ল্যাটফর্ম থেকে পাইরেসি বন্ধ করার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে। এক্ষেত্রে সরকারের পর্যাপ্ত সক্ষমতা থাকলেও অনেক সময় তা সফল হয় না। আমরা বারবার তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করছি। তাদের আরও ভালো ও দ্রুত পদক্ষেপ দরকার।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যাজিক লণ্ঠন সদস্য জেরিন আল জান্নাত। আয়োজনে সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও ম্যাজিক লণ্ঠন সম্পাদক কাজী মামুন হায়দার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহমুদুল হাসান (নোমান)
১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়
০১৫১৬৫০৯৪১৭