top1

নতুন উপজেলা পাচ্ছে বগুড়া

Published

on

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া জেলায় যুক্ত হচ্ছে নতুন উপজেলা। শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে নতুন উপজেলা হিসেবে গঠন করা হবে। এটির প্রক্রিয়া চূড়ান্ত হলে জেলায় উপজেলার সংখ্যা দাঁড়াবে ১৩টি। ইতোমধ্যে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোকামতলাকে উপজেলা হিসেবে কার্যকর করতে কিছু বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে আছে গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং আনুষ্ঠানিক উদ্বোধন। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন উপজেলা হিসেবে কার্যক্রম শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, মোকামতলা ইউনিয়নকে নতুন উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা গেছে, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির সভায় বগুড়া সিটি করপোরেশন ও মোকামতলাকে উপজেলা ঘোষণাসহ আটটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সেখানে মোকামতলা উপজেলা বাস্তবায়নের বিষয়টি অনুমোদন পায়।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা হতে পারে দেড় লাখের মতো।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি মোকামতলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা আতিকুর রহমান পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে আবেদন করেন। নতুন উপজেলা গঠিত হলে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নিয়ে গঠিত হবে বগুড়া-২ আসন।

প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, প্রাক-নিকার সভায় বগুড়া সিটি করপোরেশনের পাশাপাশি মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। উপজেলা কমপ্লেক্স ভবনের স্থান এখনও নির্ধারণ হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version