নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘চিরকুট’ মুক্তি পাচ্ছে আগামী ১৬ অক্টোবর। বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশে একযোগে মুক্তির পরিকল্পনা রয়েছে চলচ্চিত্রটির। নির্মাতা জানিয়েছেন, প্রায় তিন বছর সময় নিয়ে নির্মিত সিনেমাটির বাজেট প্রায় এক কোটি টাকা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটির নির্মাতা মুনতাসীর আকিবসহ কলাকুশলীরা এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মুনতাসীর আকিব বলেন, ‘চিরকুট চলচ্চিত্রটি তৈরি করতে আমাদের প্রায় তিন বছর সময় লেগেছে। সিনেমাটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী কাজ করেছেন। বাইরের অনেক পরিচিত শিল্পীও এতে অভিনয় করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন শ্যামল মাওলা, নওশাদ আহমেদ ও সুমন পাটোয়ারী।’
তিনি বলেন, চলচ্চিত্রটির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল মীম।
চলচ্চিত্রের বাজেট প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠানও আমরা নিজেরাই। শুরুতে ভেবেছিলাম খুব কম বাজেটে সিনেমাটি শেষ করতে পারব। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। সিনেমাটি শেষ করতে আমাদের প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে।’
মুক্তির পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, দুর্গাপূজার ষষ্ঠীতে চলচ্চিত্রটি শুভমুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও ভারতসহ বিশ্বের সাতটি দেশে এটি মুক্তি পাবে।
চলচ্চিত্রটির প্রধান অভিনেত্রী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আজিজুল মীম বলেন, ‘এইটা আমার গল্প, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প এবং সর্বোপরি রাজশাহীর গল্প। আপনারা রাজশাহীর গল্প ভেবেই চলচ্চিত্রটাকে গ্রহণ করবেন। সিনেমা হলে গিয়ে চলচ্চিত্রটি দেখবেন। গল্পটি আপনাদের ভালো লাগবে বলে আশা করছি।’
নির্মাতা মুনতাসীর আকিব আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশের যেকোনো সিনেপ্লেক্সে ‘চিরকুট’-এর টিকিটের মূল্য অর্ধেক রাখার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটির অন্যান্য অভিনেতা-অভিনেত্রী ও সহকারী পরিচালকরা উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আরিফ হায়দারও উপস্থিত ছিলেন।