ডেস্ক নিউজ
ভুঁইফোড় পেইজ থেকে মিথ্যা ও বানোয়াট তথ্য অপপ্রচারের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ডাকসুর ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত দেড়টা নাগাদ নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে দেয়া একটি স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি।
সেখানে তিনি বলেন, ভুঁইফোড় পেইজ থেকে মিথ্যা ও প্রতারণার আশ্রয় এবং বানোয়াট তথ্য দিয়ে অনলাইনে অপপ্রচারের বিরুদ্ধে আগামীকালই মামলা করবো।
তিনি বলেন, অথচ অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য দিয়ে আমার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগাণ্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব ফটোকার্ড যে পেজগুলো থেকে ছড়ানো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে সোমবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ৪৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলামের সুপারিশ পাওয়ার পরপরই গত কয়েকদিন যাবত আমি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী; আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল; প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত) খোদা বখস চৌধুরী সহ বেশ কয়েকজন উপদেষ্টার সাথে যোগাযোগ করি, এই সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। শুধু রাইসুল ইসলাম নয়, আরও যেসকল ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল তাদের সকলকে যেন দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয় সেজন্য তাদেরকে পদক্ষেপ নিতে বলি।