সরকার গঠনের ৬ মাসের মাথায় আকার বাড়াল প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার। সেইসঙ্গে মন্ত্রিসভায় বড় রদবদলও এনেছেনে তিনি। নতুন করে চার মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন চার পূর্ণমন্ত্রী হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংহী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান, বান্দরবান আসনের সাচিং প্রু জেরী এবং বিএনপির জোট শরিক ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। একই সঙ্গে পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হয়েছেন রশিদুজ্জামান মিল্লাত। এতদিন তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রশিদুজ্জামান মিল্লাত বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর–১ আসনের সংসদ সদস্য।
শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী
নতুন দুই প্রতিমন্ত্রী হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির (টেকনোক্র্যাট) ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)। তাদের মধ্যে হুমায়ুন কবির এতদিন প্রধানমন্ত্রীর তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। এর মধ্যে দিয়ে মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। তবে নতুনদের কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শপথ নিলেন নতুন ২ প্রতিমন্ত্রী
সূত্র জানিয়েছে, সম্ভাব্য এ রদবদলে মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার অথবা পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আবদুল মঈন খান। রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পেতে পারেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আন্দালিভ রহমান পার্থ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাচিং প্রু জেরী। তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। বিগত সময়ে তিনি ধর্ম মন্ত্রণালয়ে বিভিন্ন কাজে সমন্বয় করে আসছেন। হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হতে পারে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। সেদিন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। পরে মার্চে প্রতিমন্ত্রী কায়সার কামাল ডেপুটি স্পিকারের দায়িত্ব পান। আর ১ জুন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেন। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটিও শূন্য হয়। সেই সঙ্গে মন্ত্রিসভায় নতুন পাঁচজনের অন্তর্ভুক্তি এবং একজন প্রতিমন্ত্রীর পদোন্নতির মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়াল ৫২ জনে।
এর আগে সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।