সারাদেশ

মা ও ছেলের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

Published

on

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে এক মা ও তার চার বছর বয়সি শিশুপুত্রের রহস্যজনক মৃত্যুতে এলাকায় চরম শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেনÑ উত্তর বড়ডহর গ্রামের কতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার (২৫) এবং তার শিশুপুত্র আয়ান মোহাম্মদ তোহা (৪)।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে মা ও ছেলেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে তাৎক্ষণিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি জুড়ী থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত আনুমানিক ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।

একই ঘরে মা ও শিশুপুত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী ও স্বজনরা ঘটনাটি বিশ্বাস করতে পারছেন না বলে জানান তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন,

‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version