ভারতের পূর্ব কলকাতার আনন্দপুরে দুইটি গুদামে আগুন লেগে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন নিখোঁজ রয়েছেন বলে পরিবারের তরফ থেকে থানায় ডায়েরি করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) রাত তিনটের দিকে আগুন লাগে। সোমবার রাতেও আগুন পুরোপুরি নেভেনি। মঙ্গলবার সকালেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে টিভি৯ জানাচ্ছে।
আনন্দপুরে নাজিরাবাদে আগুন লাগা গুদামের মালিক হলো একটি মোমো কোম্পানি। সেখানে সফট ড্রিংকস ও শুকনো খাবারের প্যাকেট ভর্তি ছিল।
স্থানীয় মানুষের দাবি, আগুন যখন লাগে, তখন গুদামে ৩০ জন কর্মী ছিলেন। নিখোঁজ মানুষদের কোনো খোঁজ মেলেনি। পুলিশও কোনো আশার কথা শোনাতে পারেনি।
উদ্ধার করা দেহাংশও সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ফলে তাদের চিহ্নিত করা এখনো সম্ভব হয়নি।ভিসেরা বা ফরেনসিক পরীক্ষার পর বোঝা যেতে পারে প্রশাসনের কর্মকর্তারা আশা করছেন।
দেশটির ফায়ার সার্ভিস মন্ত্রী সুজিত বসু বলেছেন, ‘কী ভাবে আগুন লাগলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। অনেক বড় জায়গা জুড়ে দুইখানা গোডাউন ছিল। এতবড় শহরের মধ্যে অনেকে অনেক কিছু ঘটনা ঘটায়। ওখানে রাতে এত লোক থাকবে কেন? তদন্ত করে দেখা হচ্ছে।’
বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘আমি তো প্রত্যেক মাসেই বলি, দুই মাস অপেক্ষা করুন। হয় কোথাও বোমা ফাটবে, নয় কোথাও অবৈধ বাজি কারখানায় আগুন লাগবে, নইলে কোথাও কোনও বাজারে আগুন লেগে যাবে। পশ্চিমবঙ্গকে জতুগৃহ করে রাখা হয়েছে। পশ্চিমঙ্গে তো মাঝেমাঝেই এই ঘটনা ঘটছে।’