নিরাপদ পানির গুরুত্ব ও নদী সুরক্ষায় সচেতনতা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে বিশেষ সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি ‘মিশন ব্লু পালস’।
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে ‘হাল্ট প্রাইজ অ্যাট দ্য ইউনিভার্সিটি অব রাজশাহী’ এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করে। বিশেষ করে এসডিজি-৬ (নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন) এবং এসডিজি-১৪ (জলজ জীবন) বাস্তবায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণের কারণে বর্তমান সময়ে দেশের নদ-নদী ও পানিসম্পদ চরম হুমকির মুখে। এই সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন ও সক্রিয় করতে ‘মিশন ব্লু পালস’ শীর্ষক এই প্রচারণা চালানো হয়।
কর্মসূচি চলাকালীন নদী দূষণ প্রতিরোধ, নিরাপদ পানির পরিমিত ব্যবহার এবং পানির অপচয় রোধে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজক প্রতিনিধিরা বলেন, “এটি কেবল একটি একদিনের ইভেন্ট নয়, বরং পরিবেশ সুরক্ষায় একটি দীর্ঘমেয়াদী আন্দোলনের সূচনা। আমরা চাই তরুণ সমাজ নদী ও পানি সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখুক।”
বিশ্ববিদ্যালয় পর্যায়ে টেকসই উন্নয়নের ধারণা বাস্তবে চর্চা করার এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে পরিবেশবান্ধব জীবনযাপন ও পানিসম্পদ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিরাপদ পানি নিশ্চিতকরণ ও নদী সুরক্ষায় তরুণ নেতৃত্বের এই পদযাত্রা আগামীতে সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।