top1

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

Published

on

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদেইদায় সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথিদের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র-ইরান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এ ঘটনাকে সংঘাতের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। খবর আলজাজিরার।

শুক্রবার গভীর রাতে চালানো এই হামলার জন্য সৌদি আরবকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। এক বিবৃতিতে গোষ্ঠীটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হোদেইদায় হামলার মাধ্যমে সৌদি আরব ‘উত্তেজনার জবাবে আরও উত্তেজনা’ নীতিকে সামনে নিয়ে এসেছে এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

হুথি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভির দাবি, হামলায় টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে কামারান দ্বীপেও হামলার খবর জানানো হয়েছে। ওই হামলায় অন্তত এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

অন্যদিকে, রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, হোদেইদা বন্দরে বিস্ফোরণের ঘটনা দেখা গেছে। তবে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

হোদেইদা বন্দর হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর ইয়েমেনে বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তার বেশিরভাগ চালান এই বন্দর দিয়েই প্রবেশ করে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি চলমান উত্তেজনার জন্য হুথিদের দায়ী করেন। তিনি বলেন, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হুথিদের হামলা ‘দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া’। হুথিরা যদি তাদের ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ অব্যাহত রাখে, তাহলে জোট প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না বলেও সতর্ক করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version