অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি করা আপাতত বন্ধ। দেশের চিনিকলের উৎপাদিত চিনি আগে বিক্রি হবে।
আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে নাটোর উত্তরা গণভবনের উন্নয়নমূলক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এসব কথা বলেন এ উপদেষ্টা।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমাদের দেশের চিনিকলগুলোতে উৎপাদিত যে চিনি জমা রয়েছে, সে চিনি আগে টিসিবির মাধ্যমে বিক্রি করছি। এটা চলমান রয়েছে। চিনিতে লাভ খুব দ্রত আসে না।
আদিলুর রহমান খান বলেন আমাদের দেশের চিনিকলগুলো ব্রিটিশ আমলের তৈরি। আমাদের সারাদেশের যে চাহিদা তার ছোট অংশ আমরা দেশীয়ভাবে শোধ করতে পারি। আমাদের সক্ষমতা শুধু চিনির ওপর না থেকে চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার।
তিনি আরও বলেন, ভুর্তকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। আমরা চেষ্টা করছি, আমাদের সময়ে বা আগামী সরকারের সময় ভাল খবর আসবে। দেশি উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা যে আমাদের সহযোগী হয়ে আসেন সেজন্য আমরা আলোচনা করছি।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন— শিল্প মন্ত্রালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।