ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যারাবিক ক্লাবের উদ্যোগে সদস্যদের যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘Fundamentals of AP Debates’ শীর্ষক বিশেষ বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৩০৩ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অ্যারাবিক ক্লাবের সভাপতি আমির ফয়সালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়াসিন আলী।
আয়োজক সূত্রে জানা যায়, কর্মশালায় Asian Parliamentary (AP) Debate-এর মৌলিক কাঠামো, বিতর্কের নিয়ম ও কৌশল, যুক্তি নির্মাণ ও উপস্থাপন এবং বক্তব্য প্রদানের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিতর্কে কার্যকর অংশগ্রহণের কৌশল ও বাস্তবভিত্তিক বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় প্রধান বক্তা ইয়াসিন আলী বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা, আত্মবিশ্বাস ও কার্যকর উপস্থাপনা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। AP Debate-এর কাঠামো ও কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা বিতর্কচর্চায় আরও দক্ষ হয়ে উঠতে পারবে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের বিতর্কের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের চিন্তা ও উপস্থাপনা দক্ষতা বিকাশে সহায়ক হবে।
অ্যারাবিক ক্লাবের সভাপতি আমির ফয়সাল বলেন, শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতার পাশাপাশি যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সদস্যদের দক্ষতা উন্নয়নে অ্যারাবিক ক্লাব নিয়মিত প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজন করবে।