ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি ও জেলা লিগ্যাল এইড অফিসের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে লিগ্যাল এইড সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে “Seminar on Access to Justice through Legal Aid” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে কুষ্টিয়া জেলা লিগ্যাল এইড অফিসে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ তারিক হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল মিডিয়েটর ও সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.) মো. ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানে ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির উপদেষ্টা এবং আল ফিকহ অ্যান্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব ও সংগঠনটির সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
সংগঠনের উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. আনোয়ারুল ওহাব বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে রাষ্ট্র অনেক বিনিয়োগ করে থাকে এবং দেশের মানুষের প্রত্যাশাও তাদের কাছে অনেক বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আইনি সচেতনতা তৈরিতে সর্বদা কাজ করে যাওয়া উচিত এবং সাধারণ মানুষের সেবায়ও তাদের এগিয়ে আসা উচিত।”
সেমিনারে প্রধান অতিথি তারিক হাসান বলেন, “লিগ্যাল এইড দেশের জনগণের কাছে সহজে ন্যায়বিচার পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লিগ্যাল এইডের মাধ্যমে হাজার হাজার মানুষ দ্রুত, হয়রানিমুক্ত ও বিনামূল্যে আইনগত সহায়তা পেয়ে আসছে।”
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি সক্রিয় আইন সচেতনতামূলক সংগঠন। সাধারণ শিক্ষার্থী ও যুবসমাজের মাঝে মৌলিক আইনি অধিকার ও সচেতনতা বৃদ্ধি করতে এই সংগঠন কাজ করে থাকে।