কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা উন্নয়নে ১২ দিনব্যাপী ‘মাইক্রোসফট অফিস স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসসোরেন্স সেল (আইকিওএসি)। উক্ত প্রশিক্ষণে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, গ্রাফিক ডিজাইন ও পাওয়ারপয়েন্টের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আইকিওএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘কর্মক্ষেত্রে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নিয়মিতভাবে নিজের দক্ষতা উন্নয়ন করতে হবে। কম্পিউটারের মৌলিক জ্ঞান থাকলেও অফিসিয়াল কাজের গতি ও দক্ষতা বাড়াতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও গ্রাফিক ডিজাইনের মতো বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “আধুনিক কর্মপরিবেশে প্রযুক্তিগত দক্ষতা দৈনন্দিন কাজের অপরিহার্য অংশ। ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও গ্রাফিক ডিজাইনে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।”
উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “বর্তমান সময়ে প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য কম্পিউটারের মৌলিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা জরুরি। প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে কম সময়ে বেশি কাজ করা সম্ভব। প্রশিক্ষণ শেষে মূল্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই করে নির্ধারিত মান অর্জনকারীদের সনদ দেওয়া হবে।”
আইকিওএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ ধরনের একটানা ১২ দিনব্যাপী প্রাতিষ্ঠানিক কম্পিউটার প্রশিক্ষণ এই প্রথম। প্রশিক্ষণের মাধ্যমে বাংলা ও ইংরেজি টাইপিং, অফিসিয়াল কাজ এবং কম্পিউটারের সাধারণ কারিগরি সমস্যা সমাধানে অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়বে।”