ক্যাম্পাস

জকসু নির্বাচন: শিক্ষার্থী সংসদে ৬৫ ও হলে ৭৭ শতাংশ ভোট, গণনা শুরু

Published

on

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটে শিক্ষার্থী সংসদে ৬৫ ও হল সংসদে ৭৭ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। বর্তমানে ভোট গণনা শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মোট ১৬ হাজার ৫০০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। নির্ধারিত সময় বিকেল ৩টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, জকসুর বিভিন্ন পদে মোট ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং ৭টি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রার্থীরা।

অন্যদিকে ছাত্রী হল সংসদের ১৩টি পদের বিপরীতে মোট ৮ জন সদস্য পদের প্রার্থীসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রার্থীরা। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ৩ জন এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version