মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির প্রক্রিয়া জোরদার করেছে সরকার। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে দুটি জাহাজ। দেশে আসার অপেক্ষায় আছে আরও তিনটি জাহাজ।
রোববার (১২ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এশিয়া পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বন্দরের তথ্য অনুযায়ী, বর্তমানে দুটি জাহাজ বহির্নোঙরে অবস্থান করছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও তিনটি জাহাজ আসার কথা রয়েছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে ডিএল লিলি শনিবার (১১ এপ্রিল) রাতে বন্দরে পৌঁছায়। গ্যাস ক্যারেজ নামে আরেকটি জাহাজ ভারত থেকে এলপিজি নিয়ে বর্তমানে বহির্নোঙরের ‘চার্লি’ ও ‘ব্রাবো’ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার আরেকটি জাহাজ মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসার কথা। মারান গ্যাস হাইড্রা নামে একটি জাহাজ আগামী ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে দেশে পৌঁছাবে। ১৮ এপ্রিল এলএনজি নিয়ে চট্টগ্রামে ভিড়বে লবিটো নামে আরেকটি।
সৈয়দ রেফায়েত হামিম জানান, নিয়মিত বিরতিতে এই জ্বালানি আসার ফলে দেশের বর্তমান গ্যাস সংকট অনেকাংশে লাঘব হবে। শিল্পকারখানাসহ সাধারণ গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হবে।