বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বাংলাদেশ–যুক্তরাজ্য অংশীদারত্ব আরো জোরদার করা এবং অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার কিয়ার স্টারমারেরর শুভেচ্ছাবার্তা–সংবলিত চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে।
চিঠিতে কিয়ার স্টারমার লিখেছেন, ‘আমি বাংলাদেশের নির্বাচনে আপনার বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব গ্রহণ নিশ্চিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানাতে লিখছি।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি, আপনার নেতৃত্বে আমাদের সহযোগিতা কেবলই বৃদ্ধি পাবে, যা আমাদের অভিন্ন মূল্যবোধ ও সমৃদ্ধ ইতিহাসের ওপর ভিত্তি করে গড়ে উঠবে।
স্টারমার লিখেছেন, আমি আমাদের অংশীদারত্ব শক্তিশালী করতে এবং অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি। বাংলাদেশে অন্যতম বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী হিসেবে আমরা আমাদের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের আশা করছি।
চিঠিতে কিয়ার স্টারমার বলেন, আমি অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে লড়াই এবং আমাদের দীর্ঘদিনের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য আরও সহযোগিতার সুযোগকে স্বাগত জানাই।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের উদারভাবে গ্রহণ করায় যুক্তরাজ্যও আপনার পাশে থেকে সমর্থন জারি রাখবে। আমি আমাদের দুই দেশের অংশীদারত্বের এই পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় রয়েছি।