ইবি প্রতিনিধি
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র সাংগঠনিক কর্মশালা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ কর্মশালা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘আবৃত্তি আবৃত্তি’র সভাপতি নওশীন পূর্ণিনী সুম্মার সভাপতিত্বে সাংগঠনিক কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু। এ সময় সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নওশীন পূর্ণিনী সুম্মা বলেন, “আমার দায়িত্ব পালনে কিছু সীমাবদ্ধতা ছিল। অনেক পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারিনি। তবে সংগঠনের স্বার্থে যতটুকু পেরেছি, দায়িত্ব পালনের চেষ্টা করেছি। সাংগঠনিক কর্মশালা আমাদের সংগঠনের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এর মাধ্যমে নতুন ও পুরাতন সদস্যরা সংগঠনের নিয়ম, দায়িত্ব ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে জানতে পারে।”
তিনি আরও বলেন, “তোমরা যারা আগামীএমতে সংগঠনের দায়িত্বে আসবে, তারা নিয়ম-শৃঙ্খলা, বয়োজ্যেষ্ঠতা, শালীনতা ও শিষ্টাচার বজায় রেখে সংগঠনের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে। ব্যক্তিগত চিন্তার ঊর্ধ্বে উঠে সাংগঠনিক চিন্তা করবে এবং সবার প্রতি শ্রদ্ধাশীল থাকবে।”
কর্মশালার প্রশিক্ষক খান মাজহারুল হক লিপু বলেন, “আজকে ‘আবৃত্তি আবৃত্তি’র এ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, তারা শুধু আবৃত্তি নয়, বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবেসেই এখানে এসেছেন। যারা বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসেন, তারা শুদ্ধতার চর্চা করেন। এই শুদ্ধতার চর্চাই সবাইকে সামনে এগিয়ে নিয়ে যাক এটাই প্রত্যাশা।”
এসময় তিনি সংগঠনের বিভিন্ন পদে থাকা দায়িত্বশীলদের কী কাজ করতে হয় এবং কীভাবে তা করতে হয়, সে বিষয়গুলো আলোচনা করেন। পাশাপাশি নতুন ও পুরাতন সদস্যদের সংগঠনের নিয়ম-শৃঙ্খলা, দায়িত্ব ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।