top2

পাকিস্তান সীমান্তের বাড়িঘর গুঁড়িয়ে দেবে ভারত

Published

on

পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় থাকা বাড়িঘরসহ সব ‘অবৈধ’ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে সীমান্তপাড়ের বিভিন্ন অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার (২৭ মে) দেওয়া এক নির্দেশনায় অমিত শাহ বলেন, আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে থাকা অবৈধ ভবনগুলো ভেঙে ফেলা হবে। খবর আল জাজিরার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক সীমান্তের শূন্য থেকে ১৫ কিলোমিটার এলাকার মধ্যে অবৈধ স্থাপনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন অমিত শাহ।’

বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের অননুমোদিত স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান, অবৈধ দখল, সন্ত্রাসে অর্থায়ন এবং অন্যান্য সীমান্তসংক্রান্ত অপরাধ মোকাবিলায় তৎপরতা বাড়ানোর আহ্বান জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তান থেকে মাদক ও অস্ত্র ভারতে পাচার করা হয়। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

গত বছর কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনায় জড়িয়ে পড়ে। ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশির ভাগই ছিলেন হিন্দু পর্যটক। হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে।

এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ, বিমান হামলা, ড্রোন অভিযান ও গোলাবর্ষণের ঘটনা ঘটে। চার দিনের সংঘাতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।

উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে ভারতের মোট সীমান্তের দৈর্ঘ্য প্রায় তিন হাজার ৩০০ কিলোমিটার। এর মধ্যে কাশ্মীর অঞ্চলের নিয়ন্ত্রণরেখাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version